নরসিংদীর বেলাবতে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বেলাব থানা পুলিশ জানায়, নারায়ণপুর গ্রামে ঢাকা সিলেট মহাসড়কের কাজী ফিলিং স্টেশনের বিপরীতে পাশের জায়গাটি নির্জন এলাকা।
এ দিক দিয়ে রাতের বেলা কেউ চলাফেরা করে না। রবিবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গেলে একটি কাকরল ক্ষেতের পাশে লাগানো গাছে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভুইয়া বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে তা ময়নাতদন্তের পর বলা যাবে।
নিহতের পরিচয় উদঘাটনে চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
