শান্তিপূর্ণ পথে উত্তেজনা নিরসনে সম্মত চীন-ভারত

আপডেট : ০৭ জুন ২০২০, ১১:৩৯ পিএম

লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা প্রশমনে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। গত শনিবার দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষ হওয়ার পরদিন গতকাল রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘একাধিক দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান’-এ রাজি হয়েছে ভারত ও চীন।

রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ‘খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই আলোচনা সম্পন্ন হয়েছে। দুই দেশই শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা মেটাতে রাজি হয়েছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে যেসব দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই সব চুক্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ইন্দো-চীন সীমান্ত এলাকা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ বছর ভারত ও চীনের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর হচ্ছে। তাই এই সম্পর্ক আগামী দিনে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে দুই দেশই আগ্রহী। নয়াদিল্লি ও পেইচিংয়ের তরফে দুই দেশের মধ্যে সমস্যার সমাধান করে সীমান্ত এলাকায় শান্তি ফেরানোর সব চেষ্টা করা হবে।’ লাদাখ নিয়ে চীন-ভারত বিরোধ পুরনো। গত ৫ মে সন্ধ্যায় প্রায় ২৫০ ভারতীয় ও চীনা সেনা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত