ভিডিও কনফারেন্সে আইজিপি

দেশ-বিদেশের প্রত্যেক মানবপাচারকারীকে খুঁজে বের করা হবে

আপডেট : ০৮ জুন ২০২০, ০৬:৪৩ এএম

মানবপাচারকারীরা দেশ-বিদেশে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের প্রত্যেককে খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরে বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। সম্প্রতি লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের প্রেক্ষাপটে ওই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে আমাদের দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত ২৮ মে ২৬ বাংলাদেশি নাগরিকের হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।’

পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দেশের মানুষকে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হবে, সেই অবস্থানে এখন বাংলাদেশ নেই। যারা আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়েছে, যাদের কারণে এই নির্মম মৃত্যু ঘটেছে তাদের একজনকেও ছাড় দেওয়া হবে না।

ভিডিও কনফারেন্সে পুলিশের সব ইউনিট প্রধানসহ বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত