খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ বছরের এক শিশু রয়েছে।
রবিবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ফ্লু কর্নারে তাদের মৃত্যু হয়।
খুমেক ফ্লু কর্নারের ফোকাল পারসন মিজানুর রহমান বলেন, খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার দেলোয়ার হোসেনকে (৬৫) রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে করোনা সন্দেহে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফ্লু কর্নারে নেওয়া হয়। সেখানেই সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
অন্যদিকে রবিবার রাত ১১টার দিকে জ্বর, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয় মহানগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২)। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এছাড়া ২ দিন ধরে জ্বর, কাশি নিয়ে ফ্লু কর্নারে ভর্তি ছিলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সুশান্ত মন্ডলের ছেলে রিপন (২২)। রবিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
করোনায় আক্রান্ত কিনা নিশ্চিত হতে তাদের তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
