চীনের করোনা চিকিৎসা বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে

আপডেট : ০৮ জুন ২০২০, ০১:৪২ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য চীনের চিকিৎসা বিশেষজ্ঞ একটি দল ঢাকায় এসেছেন।

ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন ১০ সদস্যের ওই প্রতিনিধিদল সোমবার সকালে ঢাকায় পৌঁছায়। দলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন।

সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রতিনিধি দলটিকে স্বাগত জানান।

চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চীনের স্বাস্থ্য কমিশন চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে গড়া ওই প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের আয়োজন করেছে। প্রতিনিধি দলের সদস্যদের নির্বাচিত করেছে চীনের হাইনান প্রাদেশিক স্বাস্থ্য কমিশন।

বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থানের সময় প্রতিনিধি দলটি করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল, কোয়ারেন্টাইন কেন্দ্র ও পরীক্ষাগার পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেবেন। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও চিকিৎসার বিষয়ে বাংলাদেশের অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন।

গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং টেলিফোনে কথা হয়। ওই সময় করোনাভাইরাস মোকাবিলার সর্বাত্মক যুদ্ধে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত