করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

আপডেট : ০৮ জুন ২০২০, ০২:৪১ পিএম

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরে মিলল করোনার উপসর্গ। রবিবার বিকেল থেকেই সামান্য জ্বর এবং সর্দিকাশিতে ভুগছেন তিনি। রয়েছে গলা খুসখুসের সমস্যাও। 

সংবাদ প্রতিদিন জানায়, করোনার প্রাথমিক উপসর্গদেখা যাওয়ার পরই আইসোলেশনে চলে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। করোনা পরীক্ষা করে রিপোর্ট না আসা পর্যন্ত আইসোলেশনেই থাকবেন কেজরিওয়াল।

রবিবার দুপুরেও দিল্লির করোনা পরিস্থিতি এবং লকডাউনের নির্দেশিকা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন আম আদমি নেতা। এতে তিনি ঘোষণা দেন, আজ থেকে দিল্লির রেস্তোরাঁ, শপিংমল এবং ধর্মীয় স্থান খুলবে। লকডাউনের মধ্যে মদের দোকান খোলার পরই ভিড় নিয়ন্ত্রণে আনতে মদের উপর যে ‘স্পেশ্যাল করোনা ফি’ বসিয়েছিল দিল্লি সরকার, সেটাও প্রত্যাহার করা হবে। 

জানা যায়, সেই ব্রিফিংয়ের পরই জ্বরে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। আপাতত তিনি আইসলেশনেই আছেন। আগে থেকেই ফ্লুর সমস্যা আছে কেজরিওয়ালের। ডায়াবেটিসের জন্য নিয়মিত ইনসুলিনও নিতে হয় তাকে।

এদিকে আইসোলেশনে থাকায় কারও সঙ্গে দেখা করছেন না কেজরিওয়াল। কাল দুপুরের পর তার সব ধরনের জরুরি বৈঠকও বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে তার করোনা পরীক্ষা হবে। 

প্রসঙ্গত, দিল্লি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলোর একটি। এখন পর্যন্ত রাজধানী শহরটিতে মোট ২৭ হাজার ৬৫৪ জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭৬১ জন।

এদিকে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ২০৭ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত