করোনা ঝুঁকির কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) দুই দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ স্থগিত করা হয়েছে।সোমবার দুপুরে দরগাহ পালা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম।
এতে বলা হয়, প্রতিবছর মোহছেন আউলিয়ার ওরসে লাখ লাখ লোক সমবেত হয়ে থাকেন। এ বছর করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে এ ওরস স্থগিত করা হয়েছে। এ জন্য ওরসের দিন দরবারে না এসে আশেক-ভক্তদের যার যার অবস্থান থেকে দেশবাসীর কল্যাণে আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধ জানাই।
ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতোয়াল্লী এস এম ফজলুল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের মিয়া ও এস এম হাবিবুর রহমান প্রমুখ।
প্রতি বছরের ৬ আষাঢ় আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওরসের আগের দিন থেকে লাখ লাখ ভক্তের সমাগম হয়। বিগত ৭০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ওরস স্থগিত করা হয়েছে।
