আ. লীগ নেতার বিরুদ্ধে গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

আপডেট : ০৯ জুন ২০২০, ১১:৩০ পিএম

পাবনায় গৃহকর্মীকে নির্যাতনের পর চারতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মহেন্দ্রপুরে কথিত আওয়ামীলীগ নেতা আব্দুল আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মালেকা খাতুন (৩০) এ্কই উপজেলার আতাইকুলা থানার লোহাগাড়া চমরপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে আব্দুল আলীম পলাতক রয়েছে।

ঘটনাস্থল থেকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আব্দুল আলীমের বাড়িতে মোবাইল ফোন চুরির অভিযোগে তার স্ত্রী লাকি খাতুন গৃহকর্মী মালেকাকে মারপিট ও গরম খুন্তি দিয়ে ছ্যাকা দিয়ে নির্যাতন চালায়। এতে মালেকা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মালেকা মারা গেছে ভেবে বাড়ির লোকজন তাকে চারতলা ভবনের ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ পাই নি। তবে বাড়ির মালিকের স্ত্রী দাবি করেছেন নিহত ওই নারী মৃগী রোগী। ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে নিচে পড়ে গিয়ে নিহত হয়েছেন। আমরা ঘটনা খতিয়ে দেখছি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আলীমের একাধিক প্রতিবেশী জানান, আহত মালেকাকে হাসপাতালে পাঠানোর নাম করে আলীমের পরিবারের লোকজন দ্রুত অটোরিক্সায় করে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলে ও সময়ক্ষেপণ করে। পরে মালেকা মারা গেলে পুলিশকে না জানিয়েই গোপনে গ্রামের বাড়ি চোমরপুরে পাঠিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আলীমের  আওয়ামীলীগে কোন পদ পদবী নেই, নিজেকে আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও মাস্তানী করে বেড়ায়। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আলীমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। পাবনা পুলিশ নিহত মালেকার গ্রামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকেই বাড়ির মালিক আব্দুল আলীম পলাতক রয়েছেন। প্রাথমিক ভাবে বিষয়টি জানার চেষ্টা করেছি। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। 

পুলিশ জানায়, আলীমের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত