সন্দেহভাজনকে ফাঁদে ফেলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ জুন ২০২০, ১২:৫৮ পিএম

নিখোঁজের এক মাস পর নারায়ণগঞ্জের সোনারগাঁও মুরগাপাড়ার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

নিহতের কললিস্ট থেকে সন্দেহভাজন একজনকে শনাক্ত করে ফাঁদ পেতে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে হত্যাকাণ্ড।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্টন থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ১১ মে নিখোজ হয় সুমন। স্বজনরা থানার সাধারণ ডায়েরি করার পরপরই পুলিশ অনুসন্ধানে নামে। নিখোঁজের কললিস্ট থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদেই খোঁজ মিলে মরদেহের। আরও তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

স্বজনরা জানায়, চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার আবদুর রবের ছেলে সুমন। স্ত্রী রিতা ও ৭ বছরের মেয়ে জান্নাত-সহ পরিবার নিয়ে নয়া পল্টনের একটি বাসায় থাকতেন। সুমন পল্টন কালভার্ড রোডে ভ্রাম্যমাণ গাড়িতে করে বার্গার বিক্রি করতেন। শখের বশে বাসায় কবুতর ও হাঁস পালতেন তিনি।

নিহতের বড় ভাই মো. সানাউল্লাহ জানান, ১১ মে বিকেলে কবুতর ও হাঁস কিনতে নিজের মটরসাইকেল নিয়ে সোনারগাঁও ফরিদাবাদ মুরগাপাড়া এলাকায় যান সুমন। এর আগেও অনেকবার গিয়েছিলেন। এর পর আবার বাসায় ফেরেননি, তার ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সূত্র ধরে পুলিশে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারে সুমনকে হত্যার পর লাশ মুরগাপাড়ায় একটি পুকুরের কচুরি পানার নিচে রাখা রয়েছে।

স্বজনদের অভিযোগ, মটরসাইকেল, মোবাইল ও সঙ্গে থাকা ৮ হাজার টাকা হাতিয়ে নিতেই সুমনকে হত্যা করা হয়। পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করেই হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত