ঢাকা মেডিকেল পরিদর্শনে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

আপডেট : ১১ জুন ২০২০, ০২:৩০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ দিতে চীনের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।

এ সময় তারা রোগীদের খোঁজখবর ও রোগীদের জন্য নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন।

আলোচনা ও পরামর্শ সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, করোনা ইউনিটের চিকিৎসকসহ হাসপাতাল প্রশাসন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

চীনের এই ১০ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিমের নেতৃত্বে আছেন ডাক্তার লি ওয়েনশিউর। তার নেতৃত্বে ঢামেক হাসপাতালে সভাকক্ষে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

সভা শেষে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের এখানকার করোনা রোগীদের বিষয় নিয়েই তাদের সাথে কথা হয়েছে। এখন পর্যন্ত অক্সিজেন সাপোর্টই এর মুখ্য চিকিৎসা বলে তারা জানিয়েছে। এজন্য আমরা চীন থেকে কিছু অক্সিজেন সাপোর্ট ডিভাইস এর প্রস্তাব দিয়েছি। তারাও এটি আমাদের দিতে রাজি হয়েছেন।

তিনি আরও বলেন, চীনে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর সেখানে রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছিলো, তাদের চিকিৎসকদের স্বাস্থ্য নিরাপত্তার এবং সেখানকার রোগীদের কি চিকিৎসা দেওয়া হয়েছে সে বিষয়ে এই বৈঠকে তাদের সাথে আলোচনা হয়েছে।

তারা একটি বিষয়ে পরামর্শ দিয়েছে যে, কারো করোনা উপসর্গ দেখা দিলে বাসায় সবার সাথে থাকার দরকার নেই। তাকে আইসোলেশনে অন্যত্র রাখতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য গত ৮ জুন  চীনের এই চিকিৎসা বিশেষজ্ঞ দল ঢাকায় আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত