দুনিয়াজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বিরুদ্ধে ভারতে মামলা হয়েছে। মামলটি করেছেন মুরাদ আলি নামের একজন আইনজীবী। আর এতে সাক্ষী হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।
আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারা বিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এতে করে দুনিয়াজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
ভারতের বিহারের বেটিয়া ডিস্ট্রিক্ট সিভিল কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে। আদালতও মুরাদ আলির অভিযোগ শুনতে রাজি হয়েছে। শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১৬ জুন। মুরাদ আলির দাবি, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তার যাবতীয় অভিযোগের ভিত্তি।
করোনা ইস্যুতে চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা অবশ্য ভারতে এটিই প্রথম নয়। এর আগে বিহারের মুজফফরপুর অঞ্চলেও একই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিও হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটির পরিণতি কী হয়েছিল তা জানা যায়নি। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৫৮ হাজার ৯২১। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৩৭ লাখ ৭৮ হাজার ২১৮ জন।
