নভেল করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের পরিবারের করা মামলায় ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতেকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রসিকিউটররা। শুক্রবার তার প্রসিকিউটরদের মুখোমুখি হওয়ার কথা।
অভিযোগকারী আত্মীয়দের দাবি, কভিড-১৯ রোগ ইতালিতে মহামারী আকার ধারণ করার আগেই থামানো যেত। কিন্তু ‘সরকারি অবহেলার’ কারণে সেটি হয়নি।
জিউসেফ আবার এই ঘটনায় এতটুকু বিচলিত নন। তিনি টুইট করে জানিয়েছেন, শুনানি নিয়ে ভাবছেন না।
গত বৃহস্পতিবার জিউসেফের নামে প্রায় ৫০টি আইনি অভিযোগ দায়ের করা হয়। সাধারণ নাগরিকদের সংগঠন নই ডিমোনচিরেমো (আমরা রিপোর্ট করবো) থেকে অভিযোগগুলো দায়ের করা হয়। সংগঠনের কর্মীরা নিজেদের করোনা আক্রান্তদের আত্মীয় বলে পরিচয় দিয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, আক্রান্তদের তালিকায় ইতালি সাত নম্বরে। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ১৪২ জন নতুন এই রোগটিতে আক্রান্ত হয়েছেন। ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠলেও ৩৪ হাজার ১৬৭ জন মারা গেছেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই রোগে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৭৬ লাখ ২৬৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ৯০১ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪৩ হাজার ৯৯৬ জন।
