ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনায় নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া, করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও একজন।
বৃহস্পতিবার দিবাগত রাতে থেকে শুক্রবার ভোর এর মধ্যে তাদের সকলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির।
করোনায় মারা যাওয়া তিনজন হলেন- উপজেলার মানিকদহ ইউনিয়নের ৬৫ বছরের নারী সুফিয়া বেগম, নূরুল্যাগঞ্জের ২৫ বছরের সন্তোষ সাহা, হামেরদী এলাকার ৭০ বছরের হাসমত আলী। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আলমগীর হোসেন (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি একটি ঔষধ কোম্পানির ভাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
হামেরদী এলাকার বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বাকি সবাই তাদের নিজ বাড়িতে মারা গেছেন।
ডা. মহসিন উদ্দিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশ প্রশাসনের সহায়তা ৪ জনেরই দাফন সম্পন্ন হয়েছে। তবে দেরিতে জানতে পারায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ঔষধ কোম্পানির প্রতিনিধির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে তার দাফনের সময় যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার পর্যন্ত উপজেলায় মোট করোনা পজিটিভ ১৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ জন।
