রাজশাহীতে করোনা রোগীর ৩১ শতাংশই আক্রান্ত জুনে

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:০৬ এএম

রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা। প্রথম দিকে করোনা শনাক্তের যে হার ছিল মে মাসের শেষ দিকে এসে তার গতি বেড়ে গেছে। আর চলতি জুনে এসে তার মাত্রা আরও বেড়েছে। এ পর্যন্ত রাজশাহীতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে শুধু জুন মাসের ১৪ দিনে করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। অর্থাৎ জুনের ১৪ দিনেই মোট শনাক্তের ৩১ শতাংশ করোনা রোগী চিহ্নিত হয়েছে। এদিকে একের পর এক রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনও তৎপরতা বাড়িয়েছে। মাস্ক পরতে বাধ্য করা, সামাজিক দূরত্ব মানানো এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রতিদিনই অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে। তবে এরপরও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে না বরং কমছেই।

রাজশাহী মেডিকেল কলেজে করোনা পরীক্ষার প্রথম ল্যাব চালু হয় গত ১ এপ্রিল। প্রথম ১১ দিনে এখানে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। প্রথম রোগী শনাক্ত হয় ল্যাব স্থাপনের ১২ দিনের মাথায় গত ১২ এপ্রিল। এরপর কয়েক দিনেও রোগী শনাক্তের হার ছিল খুবই কম। মে মাসের শেষ নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ৮৯ জনে। কিন্তু জুনের শুরু থেকেই রোগী বৃদ্ধির হার বেড়ে গেছে। রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রাজশাহী জেলায় গত ১৩ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১২৪ জন। আর গত রবিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে আরও ৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ ওইদিন পর্যন্ত রাজশাহীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১২৯ জন। এর মধ্যে শেষ ১৪ দিনে শনাক্ত হয়েছে ৪০ জন। তার মধ্যে ১০ ও  ১২ জুন শনাক্ত হয় ৮ জন করে ১৬ জন। এর আগে ৮ জুন ৯ জন, ৬ জুন ১ জন, ৪ জুন ৬ জন এবং ২ জুন রাজশাহীর ৩ জন করোনা রোগী শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত