চাঁদপুরে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ ছাড়ালো। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আইসিডিডিআরবি হাসপাতালের ৬জন, চাঁদপুর সদরের ১৯জন, ফরিদগঞ্জের ৪জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। এদের মধ্যে ফরিদগঞ্জের মৃত আজিজ মোল্লা (৬৫) ও চাঁদপুর সদরের মৃত মফিজুল ইসলাম (৬৫) রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৮। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১জনে।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, বুধবার ঢাকা থেকে ৯০টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৪টি রিপোর্ট করোনা পজেটিভ আসে। এছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতাল থেকে তাদের মহাখালীস্থ পধান কেন্দ্রে পাঠানো নমুনা টেষ্টে আরো ৬জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। নতুনা আলাদা ভাবে পাঠালেও জেলায় অবস্থানের কারণে তারাও চাঁদপুরের করোনা আক্রান্ত রোগীদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে।
জেলায় ৫০৮ জনের করোনা আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮১জন, শাহরাস্তিতে ৬৩জন, ফরিদগঞ্জে ৬১জন, হাজীগঞ্জে ৫৯জন, মতলব দক্ষিণে ৫০জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন ও মতলব উত্তরে রয়েছে ২৭জন।
এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৪১ মৃতদের মধ্যে চাঁদপুর সদরে রয়েছে ১২জন, হাজীগঞ্জে ১২জন, ফরিদগঞ্জে ৫জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৩জন এবং মতলব দক্ষিণ উপজেলায় ১জন মৃত্যুবরণ করেন।
