করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পরও আইসোলেশন ভঙ্গ করে আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যান নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে তাকে প্রত্যাহার করা হয়।
বুধবার সন্ধ্যায় ওসিকে প্রত্যাহার এবং বৃহস্পতিবার নতুন ওসি নিয়োগ দেওয়া হয়।
থানা ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে মাদ্রাসাছাত্র আবুল বাশার ওরফে সাইমন (১৩) হত্যা মামলার প্রধান আসামি মীর হোসেন ওরফে মীরাকে (২০) গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানা-পুলিশের একটি দল। এরপর করোনায় আক্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ আইসোলেশন থেকে বের হয়ে ওই আসামিকে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে সোনাইমুড়ী থানার আলোকপাড়া এলাকায় যান। দুপুর সাড়ে ১২টার দিকে ওসিসহ অন্য পুলিশ সদস্যদের উপস্থিতিতে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার হয়। অভিযানে গ্রেপ্তার আসামি ছাড়া একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে আসেন।
এরপর জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসিকে থানা থেকে প্রত্যাহার করে জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়।
