আমেরিকা থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমাজের বোধোদয় বলে মন্তব্য করেছেন জলবায়ু পরিবর্তন ঠেকানোর লড়াইয়ে নেমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া গ্রেটা থুনবার্গ।
১৭ বছরের এই বিস্ময়বালিকা বিবিসিকে বলেন, ‘মনে হচ্ছে আমরা সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায় পার করেছি। এসব বিষয় যে আমরা এড়িয়ে যেতে পারি না, সে সম্পর্কে মানুষের বোধোদয় হয়েছে।’
আমেরিকায় জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি শ্বেতাঙ্গ পুলিশদের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর দেশে-দেশে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের বিষয়ে গ্রেটার মন্তব্য, ‘মানুষ তাদের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে।’
নিজের সহপাঠীদের জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনায় আসেন গ্রেটা। তার আন্দোলন সুইডেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে তার প্রজন্মকে ‘রক্ষা না করায়’ গত বছর জাতিসংঘে নিজের বক্তব্যে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেন তিনি।
