পাশের বাজার থেকে বিকাশ থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৭ বছর বয়সি এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীর (১১) বাবা-মা ঢাকায় চাকুরী করায় সে তার দাদা-দাদির কাছে থেকে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আসছে।
শনিবার দুপুর ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজার থেকে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৭) আটক করা হয় এবং সে একই এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভিকটিম বিকাশের মাধ্যমে তার বাবা-মা’র পাঠানো টাকা তুলতে গোবিন্দপুর বাজারে আসে। পরে টাকা তুলে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিকটিম মিজানুর রহমানের দোকানের সামনে দাঁড়ালে অভিযুক্ত মিজানুর শিক্ষার্থীকে কৌশলে তার দোকান ঘরের ভেতরে নিয়ে যায়। আর সেখানেই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে মিজানুর। কিন্তু রাস্তার পাশে দোকানটি থাকায় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে। শিশুটির মা ও বাবা ঢাকায় চাকুরী করার সুবাদে সে তার দাদা-দাদির কাছে থেকে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়ন করছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ে করা হয়েছে। আদালতের সময় চলে যাওয়ায় আটক মিজানুরকে আগামী রবিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
