ঢাকার দোহারে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছেন প্রশাসন।
রবিবার বিকেলে উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার, মেঘুলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ব্যবসায়ী ও পথচারীসহ ৩১ জনকে ৬ হাজার ৪ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় দোহার থানার এএসআই তুহিনসহ পুলিশ সদস্যগণ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৭টি মামলায় ৬ জন ব্যবসায়ীসহ ৩১ জনকে মোট ৬ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
