বাংলাদেশের সুন্দরবনের রামপালে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জার্মানি পরামর্শক প্রতিষ্ঠানের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
শুক্রবার ১৯ জুন জার্মানির স্টুটগার্ট শহরে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘ফিশটনার’এর কার্যালয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।
জার্মানি থেকে এক্টিভিস্ট শাম্মী হক দেশ রূপান্তরকে জানান, ফ্রাইডে ফর ফিউচারসহ আরও তিনটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভকারীদের বক্তব্য, বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের কাছেই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা থেকে লাখ লাখ মানুষের রক্ষা পেতে সমস্যা হবে।
এদিন ২৫ হাজার মানুষের স্বাক্ষরসহ একটি অনুরোধপত্র ফিশটনার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বিক্ষোভকারীরা।
তবে স্বাক্ষরিত আবেদনপত্রটি নিতে রাজি হলেও বিক্ষোভকারীদের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি হয়নি ফিশটনার কর্তৃপক্ষ।
এর আগেও জার্মানিতে সামাজিক ও পরিবেশবাদী সংগঠনগুলো ফিশটনার কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছিল। কিন্তু ফিশটনার কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। সংগঠনগুলো সুন্দরবনকে রক্ষায় জার্মানিজুড়ে ২৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করে।
