পাবনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আ.লীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ০২:০৬ পিএম

পাবনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অফিস সহকারী ও উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতাসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে রাজশাহী মেডিকেলে ও সদর উপজেলার আতাইকুলায় মারা যান তারা।

সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান জানান, করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন স্কুলের অফিস সহকারী লিয়াকত আলী (৫৯)। বুধবার ভোরে তিনি মারা যান। লিয়াকত আলী পৌর এলাকার নয়নামতি এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শহরের শালগাড়ীয়া এলকার আলতাফ হোসেন (৬২) বুধবার ভোর রাতে মারা যান। আলতাফ হোসেন শালগাড়ীয়া এলাকার মৃত মনজুর হোসেনের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া আলতাফ হোসেনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে। তবে তাদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে বলা হয়েছে।

বুধবার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ঈসমাইল হোসেন (৬০)। ইউনিয়নের জোয়ারদহ গ্রামের নিজ বাড়িতেই মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

এদিকে, পাবনায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। জেলা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, গত ২৪ ঘণ্টায় পাবনায় নতুন করে আরও ৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৩ জন।

বুধবার পর্যন্ত ঢাকা ও রাজশাহীর ল্যাবে পাঠানো আরো প্রায় দুই হাজারের অধিক সন্দেহভাজন করোনা রোগীর নমুনা ফলাফলের জন্য অপেক্ষমাণ রয়েছে।

তবে, করোনার রেডজোন ও হটস্পট হলেও জেলার সদর ও সুজানগর উপজেলা লকডাউনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত