পটুয়াখালীতে বাউফলের সহকারী কমিশনার (ভূমি), কুয়াকাটার দুই ট্যুরিস্ট পুলিশ সদস্য, গলাচিপা পৌর মেয়রের স্ত্রী-কন্যা, চিকিৎসক, স্কুল শিক্ষক-শিক্ষিকাসহ একদিনে মোট আক্রান্ত হয়েছে ৩০জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬০জন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
করোনার উপসর্গ অনুভব করলে ১৬ জুন নমুনা প্রদান করেন বাউফল সহকারী কমিশনার আনিচুর রহমান। ১০ দিন পড়ে শুক্রবার তার ফলাফল পজেটিভ আসে। এছাড়াও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, বগা পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্য ও কারখানা গ্রামের এক স্বাস্থ্যকর্মী এবং ব্লাড ব্যাংকের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছে গলাপচিপা পৌর মেয়র তুহিন খলিফার স্ত্রী ও কন্যা। নমুনা প্রদানের পর বৃহস্পতিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
অপরদিকে করোনা উপসর্গ থাকায় সমুদ্র সৈকত কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশের দুই সদস্যের আমিনুল (২৩) ও রাব্বিকুল (২১)-এর বৃহস্পতিবার করোনা পজেটিভ আসে। এর আগেও আবু সাঈদ (২২) নামক ট্যুরিস্ট পুলিশের এক সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। স্টাফ কোয়াটারে হোম কোয়ারেন্টাইনে থেকে ওই সদস্য চিকিৎসা নিচ্ছেন বলে জানান ট্যুরিস্ট পুলিশ জোনের কর্তৃপক্ষ। এদিকে দুই দফায় ট্যুরিস্ট পুলিশের তিনজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমানসহ সকলকে আইশোলেসনে রেখে নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
