সামাজিক যোগাযোগ মাধ্যমে বরেণ্য ব্যক্তিত্বদের সম্পর্কে মিথ্যাচার ও অশ্লীল মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের ১১টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য মানজার চৌধুরী সুইট শনিবার বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, ‘আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবরেণ্য শিল্পী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পেশাজীবীদের মৃত্যু এবং অসুস্থতার সংবাদে নানা ধরনের উদ্দেশ্যপূর্ণ কটূক্তি, মিথ্যাচার, চরিত্রহনন এবং অমানবিক বক্তব্য প্রদান করে চলেছেন যা অনাকাঙ্ক্ষিত, বিদ্বেষমূলক ও শিষ্টাচার বহির্ভূত। আমরা আরও প্রত্যক্ষ করেছি যে, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হলেও কোন কোন মহল ব্যক্তির মেধা ও যোগ্যতাকে আড়াল করে সম্পূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এ ধরনের অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানের নিন্দা জানাই এবং দেশবাসীকে এদের সম্পর্কে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানাই।’
বিবৃতিদাতা সংগঠনসমূহের মধ্যে রয়েছে- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার।
