প্রকল্প পাসের ১৫ দিনের মধ্যে পরিচালক নিয়োগের নির্দেশ

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৫৪ এএম

প্রকল্প পাসের ১৫ দিনের মধ্যে পরিচালক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, অতীতে প্রকল্প পাসের পর কাজ শুরু হতে এক বছর চলে যেত। আমরা সেটা কমিয়ে তিন মাসে এনেছি। কিন্তু এটা অনেক সময়। প্রকল্প পাসের ১৫ দিনের মধ্যে প্রকল্প পরিচালক নিযুক্ত করতে হবে, যাতে তিনি প্রকল্পের কাজকে গতিশীল করতে পারেন।

গতকাল রবিবার পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) প্রকল্পসমূহের অগ্রগতির ওপর পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নদী ভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। কেননা একজন চিফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য। সব সংকটে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।’

সভায় উপস্থিত পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, প্রকল্প বাস্তবায়ন বেগবান ও গুণগত মান রাখতে আমরা টাস্কফোর্স লোকবল বাড়িয়েছি। ইতিমধ্যে আমি ৪২টি এলাকা পর্যবেক্ষণ করেছি। আমার কাছে কোনো ফাইল পড়ে থাকে না। প্রধান প্রকৌশলীরা আরও বেশি সাইট পরিদর্শন করবেন এবং কাজের সচিত্র অগ্রগতি প্রতিবেদন দেবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাজের গতিশীলতা আনতে বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবছি।

সভায় জানানো হয়, চলতি জুনের মধ্যে প্রায় ৩৪টি প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও করোনা প্রাদুর্ভাবের কারণে ১৪টি প্রকল্প সম্পন্ন হয়েছে। বাকি অসমাপ্ত প্রকল্পগুলোর সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের সঙ্গে সঙ্গে কালক্ষেপণ না করে টেন্ডার করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত