পেন্সের অনুষ্ঠানে মাস্ক ছাড়া কোরাস গাইলেন শতাধিক ব্যক্তি

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:৫৪ এএম

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একটি ইভেন্টে মাস্ক ছাড়া উচ্চস্বরে কোরাস গাইতে দেখা গেছে ১০০ জনের বেশি মানুষকে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানিয়েছে, রবিবার টেক্সাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইক পেন্স এখানে বক্তব্য দিয়েছেন। কথা বলার আগে তার মুখে অবশ্য মাস্ক দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গায়কেরা অর্কেস্ট্রার সামনে দাঁড়িয়ে একদম খোলা গলায় গান শুরু করেন। একটি ভিডিওতে তাদের মাঝে অল্প কিছু দূরত্ব দেখা গেছে, তবে সেটি স্বাস্থ্য সংস্থার নির্দেশিত দূরত্বকে সমর্থন করে কি না, তা বোঝা যায়নি।

অথচ এই অনুষ্ঠানে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছিল। গায়কেরা সঙ্গে করে মাস্ক এনেছিলেনও। কিন্তু সেটি ব্যবহার করেননি।

টেক্সাস কয়েক সপ্তাহ ধরে করোনার কারণে ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। এমন সময় পেন্সের এই অনুষ্ঠান সমালোচনার জন্ম দিয়েছে।

আয়োজকেরা জানিয়েছে, অনুষ্ঠানে অংশ নেয়া অর্ধেক মানুষ মাস্ক ব্যবহার করেছেন।

আমেরিকার বিভিন্ন চার্চে গান করা এই গায়কদের নিয়ে চিন্তা আগে থেকেই ছিল। ওয়াশিংটন অঙ্গরাজ্যের ১২২ জনের একটি দলের অধিকাংশ সদস্য সম্প্রতি নতুন ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত