ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল

সংশোধনে ৬ দফা পদক্ষেপ নেওয়া হচ্ছে : নসরুল হামিদ

আপডেট : ৩০ জুন ২০২০, ০৬:৪৮ এএম

ত্রুটিপূর্ণ বিল দ্রুত সংশোধনসহ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ছয় দফা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রামের সাংসদ মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় সরকার করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা দেয়। একই সঙ্গে এলাকাভিত্তিক লকডাউন কার্যকর করায় গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে আবাসিক গ্রাহকদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল সারচার্জ ছাড়া ৩০ জুনের মধ্যে পরিশোধের সুযোগ দেয়। ফলে অধিকাংশ গ্রাহক বিল পরিশোধ থেকে বিরত থাকায় বিপুল পরিমাণে বকেয়া সৃষ্টি হয়েছে।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, বকেয়া বিল আদায়ের লক্ষ্যে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা হলো, কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, মাসভিত্তিক পৃথক পৃথক বিদ্যুৎ বিল তৈরি করা, একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা, ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধনের ব্যবস্থা করা, মে মাসের বিদ্যুৎ বিল (যা জুন মাসে তৈরি হচ্ছে) মিটার দেখে সঠিকভাবে প্রস্তুত করা এবং মোবাইল, বিকাশ, জি-পে, রবিক্যাশ, অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ সৃষ্টি।

ভোলার নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশে এ পর্যন্ত আবিষ্কৃত ২৭টি গাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি থেকে গ্যাস উত্তোলন করা হবে। ভোলা উত্তর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত