নারায়ণগঞ্জে বিদ্যুতের ভুতুড়ে বিলে ক্ষুব্ধ গ্রাহক

আপডেট : ৩০ জুন ২০২০, ০৮:০১ এএম

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতিতে মড়ার উপর খাঁড়ার ঘা এখন বিদ্যুতের ভুতুড়ে বিল। ডিপিডিসি ও পল্লীবিদ্যুতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বিল পরিশোধ না করলে লাইন বিচ্ছিন্নের হুমকিতে রয়েছেন সাধারণ গ্রাহকরা। বিদ্যুৎ মন্ত্রণালয় অতিরিক্ত বিল সমন্বয়ের কথা বলার পর এ করোনাকালে প্রতিদিন শত শত গ্রাহক বিদ্যুৎ অফিসে ধরনা দিচ্ছেন, তবুও মিলছে না সমাধান।

শহরের ইসদাইর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বাড়ির চারটি ফ্ল্যাট খালি তারপরও বিদ্যুৎ অফিস থেকে ১৭ হাজার টাকার বিল দিয়ে গেছে। বন্দরের শহীদুজ্জামান ফিরোজ বলেন, বন্দর পল্লীবিদ্যুৎ অফিস থেকে তিন মাসের অ্যাভারেজ বিলের নামে তিনগুণ বিলের কাগজ দিয়ে গেছে। দুদিন ধরে শাহী মসজিদ বিদ্যুৎ অফিসে ধরনা দিচ্ছি, কোনো সুরাহা পাচ্ছি না।

একই অবস্থা ফতুল্লার গিয়াসউদ্দিন মিয়ার। তিনি বলেন, ডিপিডিসির কোনো লোক গত তিন মাসে আমার বাড়ির ছায়া মাড়ায়নি। অথচ চলতি মাসে নিয়মিত বিলের চারগুণ বিল দিয়ে গেছে। বলেছে ৩০ জুনের মধ্যে বিল না দিলে লাইন কেটে দেওয়া হবে। এমনিতেই করোনায় কাজকর্ম নেই। তার ওপর এই ভুতুড়ে বিলের চাপে অস্থির হয়ে পড়েছি।

ডিপিডিসি নারায়ণগঞ্জ, ফতুল্লা এনওসিএস সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, করোনা স্বাস্থ্যঝুঁকির কারণে মার্চ ও এপ্রিল মাসের রিডিং সংগ্রহ করতে না পারায় কিছু অসামঞ্জস্য বিলের যে অভিযোগ রয়েছে তা মে-২০২০ মাসের বিলে সমন্বয় করে সঠিক বিল প্রেরণ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

গ্রাহকরা অভিযোগ করেন, লাইন কেটে দেওয়ার হয়রানির ভয়ে কেউ কেউ অতিরিক্ত বিলই পরিশোধ করেছেন।

জানা গেছে, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গ্রাহকরা বকেয়া মাশুল ছাড়া তিন মাসের বিদ্যুৎ বিল একসঙ্গে দেওয়ার সুবিধা পাওয়ার কথা থাকলেও নারায়ণগঞ্জে সরেজমিনে মিটার রিডিং না নিয়েই অতিরিক্ত হারে বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পল্লীবিদ্যুৎ অধ্যুষিত এলাকাগুলোতে মূল বিলের সঙ্গে ৫ শতাংশ বিলম্ব মাশুল সংযুক্ত করে গ্রাহকদের বিল দেওয়া হয়েছে। এ অবস্থায় করোনা ঝুঁকির মধ্যেই বিদ্যুৎ অফিসগুলোতে প্রচ- ভিড় দেখা যাচ্ছে।

এ ব্যাপারে বন্দর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএমের মুঠোফোনে কল দিলে তিনি ‘সরকারি অনুষ্ঠানে ব্যস্ত’ বলে ফোন কেটে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত