নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর উদ্যোগে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় জুম-এ শুরু হওয়া এ ওয়েবিনারের আলোচনার বিষয় ছিল বাংলাদেশে রোহিঙ্গাদের সমসাময়িক অবস্থা বিশ্লেষণ।
সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর পরামর্শক ড. ক্যাথরিন লি’র সূচনা বক্তব্যের পর বাংলাদেশে রোহিঙ্গাদের সমসাময়িক অবস্থা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।
বক্তব্যে তিনি সরকার এবং আন্তর্জাতিক সংস্থার যৌথ পদক্ষেপের ওপর জোর দেন। তিনি বলেন, কভিড-১৯ অনেক কিছুই থামিয়ে দিয়েছে, কিন্তু যুদ্ধ থামাতে পারেনি। মিয়ানমার এখনো তার দেশে বিভিন্ন জনগোষ্ঠীর ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে কভিড সক্রান্ত সঠিক তথ্য পরিবেশনের ওপর গুরুত্ত্বারোপ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।
এরপর ড. ইশরাত জাকিয়া সুলতানা রাষ্ট্রহীনতার মাঝে করোনাকালে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক, অসহায়ত্ব, ঝুঁকি, ও অনিশ্চয়তা নিয়ে তাদের ভাবনা-দুর্ভাবনার কথা বলেন।
তিনি এর সঙ্গে রোহিঙ্গাদের ঝুঁকি আর বৈষম্যের শিকার হওয়ার বিষয়টিও নিয়ে আসেন। ডা. ইশরাত বলেন, বিশেষ করে করোনাকলে রোহিঙ্গাদের অসহায়ত্ব ও ঝুঁকি ক্রমাগত বাড়ছে।
অন্যদিকে এসআইপিজি’র সিনিয়র ফেলো মো. শহিদুল হক আন্তর্জাতিক আদালত কর্তৃক রোহিঙ্গাদের বিচারের রায়ের বাস্তবায়ন ও তার স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেন, যেখানে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ স্থান তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।
জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল যেন রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে মিয়ানমারকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে পারে, সে বিষয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করার দিকেও নজর দিতে বলেন শহিদুল হক।
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে ইউএনএইচসিআর বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ স্টিভেন করলিস বলেন, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার অর্জন খুবই সীমিত, কিন্তু আমাদের সকলের চেষ্টা করতে হবে।
তিনি বলেন, একই সঙ্গে রোহিঙ্গাদের বোঝাতে হবে তারা যদি মুক্তভাবে চলতে চায়, বাচ্চাদের স্কুলে পাঠাতে চায়, নাগরিকত্ব পেতে চায় তাহলে তাদের অবশ্যই মিয়ানমার ফিরে যেতে হবে। সেজন্য সেখানেও অনুকুল পরিবেশ তৈরি করেতে হবে। এ জন্য সকলপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
সিপিএস-এর সদস্য ও রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসআইপিজি’র পরিচালক অধ্যাপক এস কে. তৌফিক এম. হকসহ সিপিএস এর অন্যান্য সদস্যবৃ্ন্দ।
এছাড়াও এই আন্তর্জতিক কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, গণমাধ্যমের প্রতিনিধি, কানাডিয়ান হাইকমিশন, ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের প্রতিনিধি, বিদেশি শিক্ষক ও গবেষকরা।
সিপিএস এর সমন্বয়ক ড. এম জসিম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্তি ঘোষণা করেন।
