করোনা পরিস্থিতিতে আবুধাবিতে আটকে পড়া ১৪০ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে করে এই বাংলাদেশিরা বেলা পৌনে ১২ টায় ঢাকায় অবতরণ করেন।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
তিনি আরও বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই তারা দেশে ফিরে আসতে পারছিলেন না। এমতাবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইতিমধ্যে ইউএস-বাংলা চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাইতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
