শাহরুখকে সবার সামনেই চড় মেরেছিলেন সরোজ খান

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১০:৪৪ পিএম

মতের সঙ্গে মেলেনি। তাই রাখঢাক না করেই সবার সামনে শাহরুখের গালে চড় কষিয়ে দিয়েছিলেন ‘মাস্টারজি’ সরোজ খান। শাহরুখের শুরুর দিনের কথা। সে সময় ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আর সরোজ খানের নাম একই সঙ্গে উচ্চারিত হতো। শাহরুখও খুবই সম্মান করতেন প্রিয় ‘মাস্টারজি’কে। কিং খানেরও সেই সময় খুব কাজের চাপ। তিন বেলা কাজ করতে হচ্ছে। নিশ্বাস ফেলার সময় নেই। একদিকে নিজেকে প্রমাণ করার তাগিদ, অন্যদিকে কাজের চাপে ক্রমাগত পিষে যাওয়ার উপক্রম।

ক্লান্ত শাহরুখ নালিশের সুরেই ‘মাস্টারজি’কে বলেন, আর পারছেন না তিনি। এত কাজ! যেই বলা অমনি শাহরুখকে গালে ঠাস করে চড় কষিয়ে দেন সরোজ খান। কেন জানেন? সরোজের বক্তব্য ছিল, যাই হয়ে যাক না কেন, ‘আমার অনেক কাজ’ এ কথা যেন কেউ নিজে থেকে কোনো দিন না বলে, এটাই ছিল তার থিওরি। কারণ, অনিশ্চয়তার গ্ল্যামার জগতে কে যে কখন উপরে উঠে যাবে আর কেই বা এক ঝটকায় নেমে যাবে নিচে, তা কেউ জানে না।

ঘটনাটি পরে এক সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন শাহরুখ নিজেই। তবে সেই চড় যে স্নেহের, আদরের ছিল সে কথাও জানাতে ভোলেননি এসআরকে। আজ সরোজ খানের মৃত্যুতে কিং খানের মন বিষাদে ছেয়েছে। টুইটারে তিনি লিখেছেন, ‘ইন্ডাস্ট্রিতে সরোজজি ছিলেন আমার প্রথম প্রকৃত শিক্ষক।’

বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের কিংবদন্তি নৃত্য প্রশিক্ষক সরোজ খান। বলিউডে বিষাদের ছায়া। মাধুরী, কারিনা থেকে অমিতাভ...স্মৃতিতে, গল্পে স্মরণ করছেন প্রিয় ‘মাস্টারজি’কে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত