চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র দুর্জয় দাশের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ মহতরপাড়া, বড়উঠান ও কৈনপুরা এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ এসব কর্মসূচিতে অংশ নেন।
বিদ্যালয়ের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সবুজ দাশ। মানববন্ধনে সুরজিত দত্ত সৈকতসহ অনেকে বক্তব্য দেন। মানববন্ধন চলাকালে দুর্জয়ের মা ও বাবা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচার দাবি করেন। জানতে চাইলে কৈনপুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র দেবনাথ বলেন, মার্চের শুরু থেকে সবাইকে নিবন্ধনের ব্যাপারে বলা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। এই তিন মাসেও যদি সে জন্মসনদ সংশোধন করে দিতে না পারে আমাদের করার কী আছে। সে কি নিবন্ধনের কারণে আত্মহত্যা করেছে, নাকি পারিবারিক কারণে তা-ও জানি না।
