গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুলসুম বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে-মেয়েদের বিরুদ্ধে। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।
এদিন সকালে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দার পাড় গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের ঘটনা ঘটে। বৃদ্ধার স্বামীর নাম সবর আলি সিকদার।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, গতকাল (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুলসুম বেগমের বড় সতীন রিজিয়া বেগমের ছেলে, মেয়ে, ছেলের স্ত্রীহ পরিবারের আরও বেশ কয়েকজন জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম বেগমকে বেধম মারধর করে।
আশঙ্কাজনকভাবে প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই কালাম ফকির বাদী হয়ে ৭ জনকে আসামি করে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
খুলনা মেডিকেলে লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে তার স্বজনদের কাছে বুঝে দেয়া হবে বলে ওসি জানান।
