প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার দায়ে আব্দুল কাইয়ুম ফতেহপুরী নামে এক ইমামকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।
গত রবিবার পার্বত্য জেলার খাগড়াছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম।
আটক আব্দুল কাইয়ুম ফতেহপুরী উপজেলার ফতেপুর ইউনিয়নের লতিফ পাড়া এলাকার কাশেম শিকদার বাড়ির আব্দুল মালেকের ছেলে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি মসজিদে ইমামিত করতেন।
থানার ওসি মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফেইসবুকে কটূক্তি করার দায়ে থানায় উপজেলা ছাত্রলীগ আব্দুল কাইয়ুম ফতেহপুরী নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। উপজেলা সভাপতি আরিফুর রহমান রাসেল বাদী হয়ে একটি মানহানি মামলা দায়ের করেন।
অভিযোগ দায়ের করার পরপর ফেইসবুকে পোস্টদাতাকে আটকের জন্য থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গত রবিবার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মার নেতৃত্বে থানা পুলিশের একটি দল পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর এলাকা থেকে তাকে আটক করে।
তিনি আরও বলেন, আটক আব্দুল কাইয়ুম ফেইসবুকে পোস্ট দেয়ার পর থেকে আত্মগোপনে চলে যান। তিনি তার কর্মস্থল সন্দ্বীপ থেকে পালিয়ে চলে আসেন পার্বত্য জেলা খাগড়াছড়িতে। সেখানে তিনি ধর্মীয় লেবাস পরিবর্তন করে ইলেট্রিশিয়ানের কাজ শুরু করেন। বর্তমানে তিনি খাগড়াছড়ি এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সদস্য মোনায়েম আহমেদ সুহান, পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন জয়, কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতাকে আই জিহান ও কলেজ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান হায়াতসহ ৫জন ছাত্রলীগ নেতাকর্মী অভিযোগ দায়ের করেন।
