১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু থেকে করোনা: অপরাজেয় ১০৬ বছরের বৃদ্ধ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১০:৪০ এএম

১০৬ বছরের এক বৃদ্ধের কাছে হার মানতে বাধ্য হলো করোনাভাইরাস। সম্প্রতি ওই রোগীকে ভারতের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছে। ১৯১৮ সালে মাত্র ৪ বছর বয়সে আরেক প্রাণঘাতী রোগ স্প্যানিশ ফ্লুয়ের কবলে পড়েন তিনি। সেই সময়েও ওই রোগকে পরাজিত করেন।

এনডিটিভি জানায়, শুধু ওই বৃদ্ধই নন, এবার করোনার কবলে পড়েন তার পরিবারের অন্য সদস্যরাও। সবাই সুস্থ হয়ে গেছেন।

একজন চিকিৎসক জানান, ওই বৃদ্ধ করোনা আক্রান্ত তার ৭০ বছরের ছেলের থেকেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

“সম্ভবত, তিনি দিল্লির এমন এক বাসিন্দা যিনি ১৯১৮ সালে মহামারীর আকার নেওয়া স্প্যানিশ ফ্লুয়ের সঙ্গেও যুদ্ধ করেছেন এবং এবার কভিড-১৯ এর মতো ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়ে জিতে গেলেন। সবচেয়ে বড় কথা, নিজের বৃদ্ধ ছেলের থেকেও দ্রুতগতিতে কভিডের সঙ্গে লড়ে সুস্থ হয়েছেন তিনি।”

প্রায় ১০২ বছর আগে মহামারী আকারে দেখা দিয়েছিল স্প্যানিশ ফ্লু, সেই সময় সারা বিশ্বের এক তৃতীয়াংশের মানুষ এই রোগের কবলে পড়েছিলেন।

“১৯১৮ সালে এই ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল এবং সেই সময়ের ইতিহাসে সবচেয়ে মারাত্মক মহামারী ছিল সেটি। এটির উৎসও এইচওয়ানএনওয়ান ভাইরাস। যদিও এই ভাইরাসটির উদ্ভব কোথায় হয়েছিল সে সম্পর্কে নিশ্চিতভাবে সেই সময় কিছুই জানা যায়নি। ১৯১৮-১৯১৯ সালে এই রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে”, জানাচ্ছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফ্লু নামে পরিচিত রোগটি ১৯১৮-১৯ সালে মহামারী রূপে দেখা দিয়ে মারাত্মক আকার ধারণ করে এবং গোটা বিশ্বের আনুমানিক ৪ কোটি মানুষের প্রাণ যায় এই রোগে। তবে স্প্যানিশ ফ্লুতে ভারতে হতাহতের সংখ্যা বিশ্বের মোট মৃত্যুর প্রায় এক-পঞ্চমাংশ বলে জানা যায়, যদিও ভারতে মৃত্যুর এই পরিসংখ্যান নিয়ে নানা বিতর্ক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত