মিয়ানমার সেনাপ্রধান ও উপ-সেনাপ্রধানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০১:০৬ পিএম

রাখাইনে রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানসহ মিয়ানমারের দুই শীর্ষ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সোমবার বিভিন্ন দেশের ৪৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

ওই তালিকায় দুজন হলেন- মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এবং উপ-সেনাপতি ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন।

তারা ‘সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা’ এর আওতায় থাকছে বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের নিষেধাজ্ঞার নথিতে উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসাবে যুক্তরাজ্য বলছে, সশস্ত্র বাহিনী প্রধান হিসাবে ২০১৭ ও ২০১৯ সালে রাখাইনে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন হ্লাইং।

এতে বলা হয়, ‘সশস্ত্র বাহিনী কর্তৃক রাখাইনে রোহিঙ্গাদের হত্যাযজ্ঞ ও মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য তিনি দায়ী। নির্বিচার হত্যা, বাড়িঘরের পরিকল্পিত অগ্নিসংযোগ, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য পরিকল্পিত যৌন নির্যাতন এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল।’

সশস্ত্র বাহিনীর উপ-প্রধান হিসেবে সোয়ে উইনকেও একই ধরনের হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য।

গত ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে প্রায় চার লাখ রোহিঙ্গা।

মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে, নিরাপত্তা বাহিনী অনেক রোহিঙ্গা গ্রামে নৃশংসতা চালায়। এর মধ্যে গু দার পাইন গ্রামে মিলেছে অন্তত পাঁচটি গণকবর।

এছাড়া যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত ২০ জনও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত