ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো করোনায় আক্রান্ত

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১০:২৩ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি নিজেই ঘোষণা দিয়ে বিষয়টি জানান। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নভেল করোনাভাইরাসের উপসর্গ থাকায় বলসোনারো আবার কভিড-১৯ পরীক্ষা করান। সোমবার সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের তিনি নিজেই এ কথা জানান।

মঙ্গলবার ব্রাজিলের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট বলসোনারো নিশ্চিত করেন যে, কভিড টেস্টে তার ফলাফল পজিটিভ এসেছে।

শুরু থেকে করোনাকে পাত্তা না দেয়া বলসোনারোকে দিনে দিনে সুর পাল্টাতে দেখা যায়। সম্প্রতি তার মাস্ক পরা ছবিও প্রকাশ্যে আসে। 

ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত এই রাজনীতিবিদ শুরু থেকে লকডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি নিজেই লকডাউন বিরোধী মিছিলের নেতৃত্ব দিয়েছেন। মানেননি সামাজিক দূরত্বের কোনো বিধিনিষেধ।

এর আগে মে মাসে তার করোনা আক্রান্ত হওয়ার খবর চাউর হয়। পরে অবশ্য বলসোনারো নিজেই সেই খবর উড়িয়ে দেন।

নভেল করোনাভাইরাসে ব্রাজিলের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী আক্রান্ত এবং মৃতের তালিকায় তারা দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৬৬ হাজার ৯৩ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৭২ হাজারের বেশি রোগী।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৫৬ হাজার ৫৮৯ জন। মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ২৭৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৬ হাজারের বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত