করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী ইস্যুতে বিরোধের জের ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে মে মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, ট্রাম্প জাতিসংঘকে নিশ্চিত করেছেন যে, তারা একটা আনুষ্ঠানিক উপায়ে এই সংস্থা থেকে সরে আসতে চান এবং সেটা সম্পন্ন হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
চলমান করোনা সংকট ঠেকাতে শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপযুক্ত পদক্ষেপ নেয়নি এবং সংস্থাটি চীনের ভাষায় কথা বলছে বলে অভিযোগ আনে ট্রাম্প।
যদিও ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্য আরও সংস্থা এই সিদ্ধান্তের বিপরীতে মত দেয়, কিন্তু ট্রাম্প তার সিদ্ধান্তে অটল ছিলেন। মূলত করোনার উৎপত্তির জন্য চীনকে দায়ী না করায় চটেছিলেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত। এই সংস্থাটি জাতিসংঘের বৈশ্বিক গণস্বাস্থ্য নিয়ে কাজ করে। সংস্থাটির ১৯৪টি সদস্য দেশ আছে।
এর মূল লক্ষ্য বিশ্বে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো, নিরাপদ রাখা এবং যারা অসুস্থ তাদের সেবা করা। প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া, নানা ধরণের ভ্যাকসিন নিয়ে কাজ করা, জরুরি স্বাস্থ্যসেবায় মাঠে থাকাই এই সংস্থার কাজ।
এর সদস্য দেশগুলো মূলত অর্থের যোগানদাতা। জনসংখ্যা ও ধনসম্পদ অনুযায়ী দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ দেয়।
