করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:৪৪ এএম

করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবী মারা গেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গতকাল বুধবার সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে সুপ্রিম কোর্টের কতজন আইনজীবী করোনাভাইরাসজনিত সৃষ্ট রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন কিংবা মারা গেছেন সে তথ্য তিনি জানাননি। তিনি বলেন, গত ১২ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫ সদস্য মৃত্যুবরণ করেছেন। তাদের অনেকেরই করোনা উপসর্গ ছিল। এ ছাড়া দেশব্যাপী অনেক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শতাধিক আইনজীবী অসুস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিসহ নিম্ন আদালতের অনেক বিচারক, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। করোনায় নিম্ন আদালতের একজন বিচারকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। তবে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালু করতে এবং উচ্চ আদালতে ভার্চুয়াল শুনানিতে আগাম জামিনের ব্যবস্থা করাসহ সাত দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট বারের পক্ষে প্রধান বিচারপতিকে চিঠি পাঠান রুহুল কুদ্দুস কাজল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত