কভিড-১৯ এ যারা মারা যাচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন সামাজিক ও মানসিকভাবে তাদের পরিবারও নানা হয়রানির শিকার হন। এমন এক ঘটনার জেরে মঙ্গলবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক নারী সন্তানসহ রেলস্টেশনের একটি ফুট ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন।
পুলিশের বরাতে এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ওই নারীর স্বামী কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।
তার স্বামী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। করোনা পজিটিভ হিসেবে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করতে যান স্ত্রী। সন্তানসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারও করতে হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষকের মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছনোর পরেই পুলিশ এসে তাদের বাড়ির দিকের গলি ব্যারিকেড করে দেয়। স্ত্রী আশঙ্কায় ছিলেন তিনি এবং সন্তানদের দেহেও কভিড পজিটিভ ধরা পড়তে পারে। এ ছাড়া ব্যারিকেডের কারণে সামাজিকভাবে একঘরে হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল তার।
প্রতিবেশী ও পুলিশ গলি ব্যারিকেড করলেও কোনোভাবে দুই সন্তানকে নিয়ে ওই নারী বেরিয়ে পড়েন, একটি অটো নিয়ে স্থানীয় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যান। এর পর তারা ফুট ওভারব্রিজে উঠেন। যাত্রীরা থামানোর আগেই তিনি বাচ্চাদের আঁকড়ে ধরে নিচে রেললাইনের উপর ঝাঁপিয়ে পড়েন। তার মেয়েদের বয়স ২ ও ৪ বছর। তারা বর্তমানে শহরের সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
