যা থাকবে দুরন্ত টেলিভিশনের নতুন মৌসুমে

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১০:২৪ পিএম

দুরন্ত টেলিভিশনে রবিবার থেকে সম্প্রচার শুরু হতে যাচ্ছে দ্বাদশ মৌসুমের অনুষ্ঠান। নতুন মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ৪টি নতুন অনুষ্ঠান এবং ৩টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হবে।

বৃহস্পতিবার ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম জুম অ্যাপসের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেলটির কর্মকর্তা শাহাদাত হোসেন, নির্মাতা অনিমেষ আইচ, সাংবাদিক নজরুল কবির’সহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন মৌসুমে সম্প্রচার হবে নতুন অনুষ্ঠান ‘বর্ণমালার ঘর’, ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, ধারাবাহিক নাটক ‘বোকা ভ‚ত’ এবং ‘রঙ বেরঙের গল্প’। নতুন কার্টুন সিরিজের মধ্যে রয়েছে- ‘পোরোরো: দ্য লিটল পেঙ্গুইন’, ‘নয়াকারি’, ‘টিপ দ্য মাউস’।

এ ছাড়া আগের অনুষ্ঠানগুলোর মধ্যে সিসিমপুর, ব তে বন্ধু (সিজন ২), রঙের খেলা সুরের ভেলায় (সিজন ২), খোকা থেকে বঙ্গবন্ধু, মেছো তোতা গেছো ভ‚ত অনুষ্ঠানগুলোর পাশাপাশি ‘দি আগলি ডাকলিং অ্যান্ড মি’, ‘হাইডি’, ‘দ্য জাঙ্গল বুক’, ‘দ্য গারফিল্ড শো’, ‘মায়া দ্য বী’, ‘বব দ্য বিল্ডার এবং লিটল মনস্টারস্’, ‘মিনেস্কিউল’ কার্টুনগুলো প্রচার হবে।

৬৫ পর্বের নতুন অনুষ্ঠান 'বর্ণমালার ঘর' প্রচার হবে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টায় ও রাত ৮:৩০ মিনিটে। একটি পাপেট পরিবার ও তাদের আশে পাশের কিছু মানব চরিত্র নিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলতে থাকে।

শিশুদের সাথে মজার রান্নার অনুষ্ঠান  'বানাই মজার খাবার, মা-বাবা আর আমি' অনুষ্ঠানটিও ৬৫ পর্বের। রবিবার থেকে বৃহস্পতিবার, দুপুর ২:৩০ মিনিটে প্রচার হবে।

অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'বোকা ভূত'। ২৬ পর্বের এই নাটকটি শুক্রবার ও শনিবার, সকাল ১০টায়, দুপুর ২:৩০ মিনিটে  ও রাত ৮:৩০ মিনিটে প্রচার হবে।

অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, সাবিহা জামান, আশনা হাবিব ভাবনা, আয়নুন পুতুল, শাহরিয়ার সজীব, জামিল হোসেন, রাফী হোসেন, ইকবাল হোসেন, এম. আই জুয়েল, ঊর্বশী বন্দনা, মহিবুর রহমান রাহিল, মোহাম্মদ আহনাফ জামান, তাহসান সিদ্দিক পৃথবী, মুহাইমিন রিদোয়ান হাকিম, আমিরা নূর মুসকান, মোহাম্মদ আরিয়ান জামান, ইফতেখার বনি ও খায়রুল হুদা খানসহ অনেকে।

হালুম, টুকটুকি, ইকরি ও শিকু'র গল্প নিয়ে আসছে ‘রঙ বেরঙের গল্প’। প্রতিদিন বিকাল ৫:৩০ মিনিটে ও রাত ৯টায় প্রচার হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন।

ছোট্ট পেঙ্গুইন পোরোরো ও তার বন্ধুরা থাকে বরফের দেশে। তার বন্ধুরা দেখতে ও কাজে তার থেকে একদম আলাদা। বন্ধুদের নিয়ে প্রতিদিন নানান অভিযানের মধ্য দিয়ে পোরোরো শিখে নেয় নতুন নতুন বিষয়।

পোরোরো ও তার বন্ধুদের গল্প নিয়ে নতুন কার্টুন সিরিজ ‘পোরোরোঃ দ্য লিটল পেঙ্গুইন’ প্রচার হবে রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায়। এছাড়া ‘নয়াকারি’ কার্টুনটি প্রচার হবে প্রতিদিন সকাল ১১:৩০ মিনিটে এবং রাত ৮টায়। ছোট্ট ইঁদুরের মজার গল্প নিয়ে কার্টুন সিরিজ 'টিপ দ্য মাউস' প্রচার হবে প্রতি শুক্র ও শনিবার, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত