উপসর্গসহ করোনা নিয়ে বাংলাদেশির ঘুরে বেড়ানো নিয়ে ইতালিতে উদ্বেগ

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৮:৪৩ পিএম

জ্বর, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে এক বাংলাদেশির পাঁচ দিন ঘুরে বেড়ানোর খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে ইতালির গণমাধ্যমে। এ ঘটনায় প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করা হয় । 

ইতালির সংবাদ সংস্থার এএনএসএ'র খবরে বলা হয়, ৫৩ বছর বয়সী ওই বক্তি ২৩ জুন বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে ইতালি যান। তিনি রোমের ফিউমিনিচো বিমানবন্দরে নামেন। রোমের বাসিন্দা ওই বাংলাদেশির এরপর দুই সপ্তাহ আইসোলেশনে থাকার কথা থাকলেও তিনি তা মানেননি। 

ইতালির সংবাদ সংস্থাটি আরো জানায়, ৯ জুলাই ওই ব্যক্তিকে তিরমিনি রেল স্টেশনে কাশিসহ অসুস্থ অবস্থায় পাওয়া যায়। স্টেশনের থার্মোস্ক্যানারে ধরা পড়ে তার গায়ে জ্বরও রয়েছে। এরপর তার করোনা ধরা পড়ে। তাকে রোমের উমবার্তো হাসপাতালে ভর্তি করা হয়। 
ইতালির পুলিশের বরাতে জানা যায়, ওই ব্যক্তি ৯ জুলাইয়ের আগের পাঁচ দিন রিমিনি, ফ্যালকোনারা এবং রোমসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। এসব জায়গায় ঘুরতে তিনি স্থানীয় ট্রেন ও গাড়ি ব্যবহার করেছেন। 

পুলিশ ওই বাংলাদেশি কোন কোন জায়গায় ভ্রমণ করেছেন তা তদন্ত করছে বলে সংবাদ সংস্থাটি জানায়। বাংলদেশির এভাবে ঘুরে বেড়ানোর খবরে ইতালির আইসোলেশন তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও তারা জানায়। 

রোমে নতুন আরও ১৪ জন বাংলাদেশীর করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে এবং এ নিয়ে শুধু রোমেই বাংলাদেশ থেকে আসা ৯৮ জনের মধ্যে করোনা পাওয়া গেলো। ওই ১৪ জনের মধ্যে ৮ জন একই পরিবারের সদস্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত