হামলা-ভাঙচুরের প্রতিবাদ

দুমকির লুথ্যারান হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:৫২ এএম

পটুয়াখালীর দুমকিতে বিদেশি অনুদানে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান ‘লুথ্যারান হেলথ কেয়ার সেন্টার-বাংলাদেশ’র চিকিৎসাসেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হামলা-ভাঙচুর, লুটপাট ও দুই কর্মকর্তা লাঞ্ছিতের বিচার দাবিতে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া হয় এ ঘোষণা।

এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে মামলা হলে পুলিশ গ্রেপ্তার করেছে সাময়িক বরখাস্ত নার্স ও তার স্বামী দুই বছর আগে বরখাস্ত ওই হাসপাতালের স্পিডবোট চালক মৃত্যুঞ্জয় ম-লকে। হাসপাতাল বন্ধের কারণে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আশা শত শত রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসা ছাড়াই ফেরত যাচ্ছেন। বিশেষত গর্ভবতী মা ও নবজাতক শিশু রোগীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

লুথ্যারান হেলথ কেয়ার সেন্টারের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা ডেবিড ঘোষ স্বাক্ষরিত প্রেসনোটে বলা হয়, সাময়িক বরখাস্তকৃত এক জুনিয়র নার্সকে চাকরিতে আবার বহাল না করায় গত বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মৃধার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। তারা হাসপাতালে ঢুকে হামলা-ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা হাসপাতালটির দুজন শীর্ষ কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এ ন্যক্কারজনক হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চিকিৎসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। দুমকি থানার ওসি মেহেদী হাসান বলেন, মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে বরখাস্ত জুনিয়র নার্স ও তার স্বামীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত