ছড়িয়ে-ছিটিয়ে থাকা গণতন্ত্রকামীদের একত্রিত হতে বললেন আলাল

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০১:২৪ এএম

সারা দেশে গণতন্ত্রকামী ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষগুলোকে একত্রিত করতে না পারলে দেশে চলমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন—বিএনআরসির ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‌মানুষ যখন সরকারকে ভয় করে, তখন মনে করতে হবে এটা হীরক রানীর দেশ। দেশটা এখন তাই হয়েছে। এটা যখন উল্টে যাবে সরকার তখন জনগণকে ভয় পাবে। সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়েছিল বলেই ৭১ সালের স্বাধীনতা পেয়েছি, জয় পেয়েছি। সেই ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষগুলোকে একত্রিত করতে না পারলে এই অবস্থা থেকে কোন পরিত্রাণ পাওয়া যাবে না।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য যা করার দরকার তাই তাই করছে। এর ছোট কয়েকটা উদাহরণ আমি দিই। সরকার গাড়ির ডিজিটাল নম্বরপ্লেট নিতে বলল আর বলল গাড়ি হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যাবে। আমরা সবাই ৪০০০ থেকে ৫০০০ টাকা দিয়ে ডিজিটাল নম্বরপ্লেট নিলাম। কিন্তু বর্তমানে কোন গাড়ি হারিয়ে গেলে সেটার খুঁজে পাওয়া যায় না।

তারপরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রায় ১০০ কোটি টাকা দিয়ে সারা ঢাকায় সিসি ক্যামেরা লাগাল। কিন্তু বর্তমানে ঢাকায় কোন চুরি-ছিনতাই ডাকাতি হলে মানুষের বাসা বাড়ি বা সুপারমার্কেটে লাগানো সিসি ক্যামেরা দিয়ে ধরতে হয়। ডিএমপির সিসিটিভি ক্যামেরায় আজ পর্যন্ত কোনো আসামি ধরতে পারে নাই।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত