শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৩:০৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল (৫৪) মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ওই ইউনিয়নের জামিরতা গ্রামের মৃত জেলহক প্রামাণিকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ দিন বাদ আসর জামিরাতা বাজারের চালপট্টি মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

ইউপি চেয়ারম্যান মুকুলের অকাল মৃত্যুতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

চেয়ারম্যানের বড় ছেলে শুভ আহম্মেদ জানান, পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল বেশ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ৬ দিন আগে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে ২ দিন আগে বাড়ি চলে আসেন।

রবিবার রাত ১০টার দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার এই মৃত্যুতে সমগ্র ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত