সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় মঙ্গলবার দেশ রূপান্তরকে জানান, ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বুকে ব্যথাজনিত অসুখে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।
প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিচালক মহোদয়ের করোনা টেস্ট করা হয়েছে এবং ফল নেগেটিভ এসেছে।’
