স্বাস্থ্যের ডিজির পদত্যাগ সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি : রব

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৮:১৫ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের (ডিজি) পদত্যাগ করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, করোনা মোকাবিলায় একজন ডিজির পদত্যাগই যথেষ্ট নয়, জাতির সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে  ঠেলে দেওয়ার পাপের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রব বলেন, দুর্নীতির যে ভয়াবহ বিস্তার ঘটেছে তা শুধু স্বাস্থ্য অধিদপ্তরে নয়, সমগ্র সরকার ব্যবস্থায় মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা অপশাসন আর দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে। মূল সমস্যাকে চিহ্নিত না করে কিংবা মূল সমস্যা উচ্ছেদ না করে যে কোনো টোটকা ব্যবস্থা হবে নাটকীয়তার নামান্তর। ঘুণে ধরা ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থা একটি স্বাধীন দেশের জন্য অকার্যকর; একে পাল্টাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত