বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলের সন্ধান দুই দিনেও মেলেনি

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১২:৫৬ পিএম

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মুন্সি মিয়া (৫৫) নামে এক জেলের সন্ধান গত দুই দিনেও মেলেনি।

গত বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি গরীব উল্লাহ শাহ্ নামক ট্রলারটি ডুবে ওই জেলে নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরতে যায়।

গত বুধবার রাতে কক্সবাজার উপকূলে এফবি গরীব উল্লাহ শাহ্ ট্রলারটি জাল ফেলে নোঙর করে। এ সময় হঠাৎ একটি চলন্ত জাহাজের ঢেউয়ের আছড়ে পড়ে ডুবে যায় ওই ট্রলার। এই ট্রলারে ১২ জন মাঝিমাল্লা ছিলেন। এদের মধ্যে ১১ জন সাঁতরে অন্য ট্রলারে উঠতে সক্ষম হয়।

ডুবে যাওয়া ওই ট্রলারের মালিক জাকের রফিক বলেন, আমার ট্রলারে থাকা জেলে পূর্ব গহিরা গ্রামের তেলিপাড়া এলাকার মুন্সি মিয়া নিখোঁজ রয়েছেন। তার ব্যাপারে অনেক খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এখনো হদিস মেলেনি।

ট্রলারের মাঝি মোহাম্মদ সেলিম বলেন, আমরা সাগরে জাল ফেলে কক্সবাজার উপকূলে ট্রলারটি নোঙর করেছিলাম। হঠাৎ একটি জাহাজের ঢেউয়ের আছড়ে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

ওই সময় ট্রলারের সবাই সাঁতরে অন্য টুলারে উঠলেও মুন্সি মিয়া নিখোঁজ রয়েছেন। কিন্তু তার ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হতে পারেননি।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনায় এক জেলে নিখোঁজের খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত