করোনা পরিস্থিতিতে পেটের তাগিয়ে সবজিবিক্রেতা হতে হলো ভারতের এক পিএইচডি গবেষক নারীকে। স্থানীয় পৌরসভা তার সবজি বিক্রিতে বাধা দিলে বিষয়টি প্রকাশ পায়।
আনন্দবাজার পত্রিকা জানায়, মধ্যপ্রদেশের ইনদোরে এই ঘটনা ঘটে। ওই নারী নাম রাইসা আনসারি।
পৌরসভার কর্মীরা ফুটপাতে সবজি বিক্রি করতে বাধা দিলে প্রতিবাদ করেন রাইসা। ঝরঝরে ইংরাজিতে তার প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
তার ইংরেজি শুনে সেখানে উপস্থিতরা তার শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করেন। এর উত্তরে সবজি বিক্রেতা দাবি করেন, তিনি ইনদোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন।
তিনি বলেন, ‘বাজার বন্ধ। ক্রেতা নেই। আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি। কিন্তু পৌরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছে না। আমার পরিবারে ২০ জন ব্যক্তি। কী করে রোজগার করব? কী খাব? কী ভাবে বাঁচব?’
পিএইচডি করে তিনি কেন সবজি বিক্রি করছেন? এই উত্তরে তিনি বলেন, ‘আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে?’ তার অভিযোগ, ‘মুসলিমদের জন্য করোনা সংক্রমণ হয়েছে এই ধারণা সব জায়গা ছড়িয়ে গেছে। যেহেতু আমার নাম রাইসা আনসারি, কোনও কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান আমাকে কাজ দিতে উৎসাহী নয়।’
করোনা পরিস্থিতিতে বিশ্বের লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। ভারতেও এর প্রভাব পড়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাইয়ের শিকার হয়েছেন কর্মীরা।
এর মধ্যে দেশটিতে বেকারত্বের সমস্য প্রকট। নিম্ন পর্যায়ের সরকারি চাকরির জন্যও পিএইচডি গবেষক, প্রকৌশলীরা পর্যন্ত আবেদন করে থাকেন।
এখন করোনায় সংকুচিত চাকরির বাজারে আনসারির মতো অনেক শিক্ষিত ব্যক্তি সবজি বিক্রিসহ ছোটোখাটো নানা পেশা বেছে নিয়েছেন।
