আ.লীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী স্কুলের নামে জমি দখলের অভিযোগ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০১:২৫ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নামে অসহায় এক নারীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি ফেরতে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই নারী।

বৃহস্পতিবার বিদ্যালয়টি সরেজমিনে দেখতে গেলে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকার শিল্পী আক্তার নামে ওই নারী এ অভিযোগ করেন।

তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবদুল হান্নান রতন এবং স্থানীয় দলিল লেখক নুরে আলম সিদ্দিকী নয়ন মিলে জোর করে তার জমি দখলে নিয়েছেন।

শিল্পী বলেন, প্রতিবন্ধী স্কুলের জায়গাসহ ওখানে আমাদের মোট ৩০ শতাংশ জায়গা রয়েছে। ৮৪ সালে বাবা এটি কেনার পর থেকে আমরা চাষাবাদ করে আসছি। কিন্তু ২০১৮ সালে নয়ন আর হান্নান রতন তাদের লোকজন দিয়ে মারধর করে আমাদেরকে উচ্ছেদ করে। পরে পাওয়ার অব অ্যাটর্নি মূলে সেখান থেকে ১৫ শতাংশ জায়গা হান্নান রতনের কাছে বিক্রি করেন নয়ন। বাকি জায়গায় নয়ন নিজেই বাসা-বাড়ি তৈরি করেন। স্থানীয়ভাবে তাদের দাপটে পেরে উঠতে পারিনি। পরে গত ২০১৮ সালে ৯ সেপ্টেম্বর তারিখে আদালতের দ্বারস্থ হয়েছি।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও দাতা হান্নান রতন স্কুলের শিক্ষক ও স্টাফদের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন চাকরির দেয়ার বিনিময়ে। সেখান থেকে প্রায় ১২ লাখ টাকায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথমে নিজের নামে কেনেন ওই ১৫ শতাংশ জমি। পরদিনই স্কুলের নামে দান করে দেন তিনি। পরে ওই জায়গায় জেলা পরিষদের অনুদানে ৫ লাখ টাকা ব্যয়ে একটি আধপাকা ঘর নির্মাণ করা হয়। এই স্কুলের রেজ্যুলেশনেও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

নূরে আলম সিদ্দিকী নয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, শিল্পী আক্তারের জমি আরও কিছুটা দূরে। তবে প্রতিবন্ধী স্কুলের কাছে কত টাকায় জমি বিক্রি করেছেন সেটা তার মনে নেই বলে জানান তিনি। আরও কিছু জানতে চাইলে ‘আমি নূরে আলম সিদ্দিকী নয়ন, বাড়ি শেওরাতলী’ বলে দম্ভোক্তি করে লাইন কেটে দেন। নয়নের বিরুদ্ধে জমিজমাসহ আরও অনেক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আবদুল হান্নান রতন জানান, স্কুলের জায়গাটি ৯ লাখ টাকায় টাকায় কেনা হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতায় টাকার জোগান দেয়া হয়েছে। শুরুতে তিনি দাতা হয়েছিলেন, তবে এভাবে দাতা হওয়ার নিয়ম না থাকায় পরে তিনি এটি অ্যাফিডেভিট করে সংশোধন করেছেন। ওই সময় তিনি স্কুলের সভাপতি পদে থাকলেও বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। জমির কাগজপত্র সঠিক আছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান বলেন, স্কুলের জমির ব্যাপারে আমি আরও অনেক অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত