মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্য মো. রেজাউল করিমের স্ত্রী হামিদা বেগম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে ও আসামি পক্ষের লোকজনের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে ডাসার থানার পশ্চিম মাইজপাড়া এলাকায় রেন্ডিতলা এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
জানা গেছে, গত জুন মাসের ১৬ তারিখ কালকিনি উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউপি সদস্য মো. রেজাউল করিম রিজুর স্ত্রী হামিদা বেগমকে হত্যা করে বাড়ির পাশের পাটক্ষেতে ফেলে রাখে একই এলাকার বারেক মাতুব্বারের ছেলে মো. নুরু মাতুব্বর।
এ হত্যার ঘটনায় ইউপি সদস্য রিজু বাদী হয়ে উপজেলার ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার রাত ১টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানার চাঁদহাট গ্রাম থেকে নুরু মাতুব্বরকে জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এ গ্রেপ্তারের ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষের লোকজন বাদী পক্ষকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। এ হুমকির প্রতিবাদে ও আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে এলাকাবাসী।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল ওহাব মিয়া জানান, হামিদা বেগম হত্যা মামলার পলাতক আসামি নুরু মাতুব্বরকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
